বাংলাদেশ ব্যাংক জানালো বর্তমান রিজার্ভ কত

প্রশান্তি ডেক্স ॥ দেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন হয়েছে। একইসঙ্গে এপ্রিলের শুরুতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৩৪ বিলিয়ন ডলারের বেশি অবস্থান করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ২৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

এদিকে, সবশেষ মাসে অর্থাৎ, মার্চে প্রবাসী আয়ের প্রবাহ দেশের ইতিহাসে অন্যতম উচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত মার্চে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন তিন দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এই অঙ্ক ছিল তিন দশমিক ৩০ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে মার্চ মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

শুধু মাসিক হিসাবেই নয়, চলতি অর্থবছরেও প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৬ দশমিক ২১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রবাসী আয় বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা, হুন্ডি নিয়ন্ত্রণ এবং প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই শক্তিশালী ধারা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা, আমদানি ব্যয় মেটানো এবং রিজার্ভ স্থিতিশীল রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published.